মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ না থাকায় বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। ইরানের ওপর চাপিয়ে দেওয়া ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধ নিয়ে চলমান আলোচনার অনিশ্চয়তা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কার কারণে নতুন করে আরও প্রায় ৫ শতাংশ বেড়েছে।
বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০৭ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) নতুন করে দাম বাড়ে জ্বালানি তেলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের পর্যালোচনার মধ্যে এ অবস্থা দাঁড়ায়। যদিও ইরান জানিয়েছে যে, তাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই।
এর পাশাপাশি রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।
ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলার হয়েছিল।
আগের দিন উভয় ক্ষেত্রেই দাম ২শতাংশের বেশি কমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তেলের দামের এই পুনরুত্থানে ভূমিকা রেখেছে, যদিও যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ এখনো বেশ সীমিত।
সূত্র: মিডল ইস্ট আই।

