দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেবো না।
এ ছাড়া যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস। আমরা যখন সরকারে যাইনি, তার আগে থেকেই এ বিষয়ে আমরা যথাযথ গুরুত্ব দিয়েছি।
তিনি বলেন, সকল হত্যাকাণ্ডের বিচার যাতে সঠিকভাবে হয়, সে ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

