বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক–এর সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জয়নুল আবদিন ফারুক তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ–১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সেনবাগ উপজেলার ইয়ারপুরে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
কানিজ ফাতেমার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

