নাটক ও ওটিটি—দু’মাধ্যমেই এখন বেছে বেছে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সংখ্যার বিচারে বেশি কাজ নয়, বরং গল্প ও চরিত্রের গভীরতাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। সেই ভাবনারই ধারাবাহিকতায় সম্প্রতি গুণী নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী, যা তিনি দেখছেন নিজের ক্যারিয়ারের একেবারে বিশেষ এক সুযোগ হিসেবে।
কাজের পরিমাণ কমিয়ে আনা এবং নতুন এই প্রজেক্টে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি যেভাবে আসলে কাজ কমিয়ে ফেলেছি, নতুন কোনো চমক স্ক্রিপ্টে না থাকলে সেখানে কোনোভাবেই অন-বোর্ড হই না। তো ডেফিনেটলি শিহাব ভাইয়ার রাইটিংয়ে ওরকম একটা চমক খুঁজে পাওয়া গেছে। আমার কাছে মনে হয়েছে, আমার এরকম একটা ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না।’
চরিত্রটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ওয়ান্স ইন আ লাইফটাইম এ ধরনের ক্যারেক্টার আসলে পাওয়া যায়। সো, আই অ্যাম ভেরি এক্সাইটেড! এখন কতটুকু পুল অফ করতে পারব, কতটুকু বিশ্বাসযোগ্য করতে পারব, আর কতটুকু এফোর্ট দিতে পারব—ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। বাট বাকি সবকিছু আসলে ফিউচার এবং সময় বলে দেবে।’
শিহাব শাহীনের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মেহজাবীনের ভাষ্য, ‘আমি একটা জায়গায় খুব ভালো ফিল করছি এখন পর্যন্ত। আমি শিহাব শাহীনের কাজের একজন ফ্যান। সেই জায়গা থেকে উনার আন্ডারে কাজ করছি এবং উনি যেভাবে আর্টিস্টদের ডিরেক্ট করেন, আই অ্যাবসোলিউটলি এনজয় দ্যাট। তো এই কাজ আমি এনজয়ও করব, পাশাপাশি কাজটাও ভালো হবে বলে বিশ্বাস করি।’

