রাজধানীতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বার্তায় বলা হয়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না।

যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি উত্তপ্ত হলেও তা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version