ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের নেতৃত্ব দেবেন। ফলে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন ঘিরে দেশজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, ‘নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।’

