দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন— বৃহস্পতিবার ও শনিবার— এই রুটে ফ্লাইট চলবে।

বাংলাদেশ বিমানের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। অপরদিকে করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এই রুটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।

ঢাকা থেকে করাচি প্রায় ১৪৭১ মাইল দূরত্বে যাতায়াতে ব্যবহার করা হবে ১৬২ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ।

ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং যাত্রীদের খরচও কমবে। নতুন এই রুটে রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম। এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয়ে যাতায়াত করতে হতো।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন বিক্রি হয়েছে। তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, দ্রুত এবং ট্রানজিট ঝামেলামুক্ত।

দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, এই রুট চালু হওয়ায় শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও বড় সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি রুটে ফ্লাইট বন্ধ করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন করে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এই রুটে যাত্রী ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Share.
Leave A Reply

Exit mobile version