দেশে হামের সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩১ জনের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩০ জন।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর পরিসংখ্যানে সবচেয়ে বেশি চাপ রয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১৮৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৮ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।
অন্যদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এদের মধ্যে ২৫ হাজার ৮৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


