হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পিকআপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে ছিল। উদ্ধারকর্মীরা পিকআপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে উল্টে থাকা পিকআপটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
এসআই ইউসুফ জানান, পিকআপ ভ্যানটি পাশের পুকুরে পড়ে ছিল এবং এতে বাসাবাড়ির মালামাল বোঝাই ছিল। নিহতরা পিকআপের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তারা সিলেটের দিকে যাচ্ছিলেন নাকি সিলেট থেকে ফিরছিলেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

