চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সঙ্গে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৫১টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
সর্বশেষ গত মঙ্গলবার (১২ মে) নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রী ছিলেন।
মারা যাওয়া ১৪ জন হজযাত্রীর মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মৃত্যুবরণ করেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী।
গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে।
হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন।


