চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে আজ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন। একইসঙ্গে এসময় হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে একজন হাজির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইন্সে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর আগে জয়পুরহাট সদর উপজেলার নইম উদ্দীন মণ্ডল নামে আরও একজন হজযাত্রী মৃত্যুবরণ করেন।

গত ১৮ এপ্রিল হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version