আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সারা দেশে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশনার জানান, বাংলাদেশে এত বড় পরিসরে কখনোই এত বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী ও সক্ষমতা মোতায়েন করা হয়নি। ফলে নির্বাচন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, সারা দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ প্রায় ৯০ শতাংশে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। নিরাপত্তার প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় ড্রোন ব্যবহার করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরাও চালু করা হবে। সিসি ক্যামেরার চূড়ান্ত সংখ্যা বুধবার বিস্তারিতভাবে প্রকাশ করা হবে।

এ ছাড়া নির্বাচনি পরিবেশ স্থিতিশীল রাখতে গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে পরিচালিত অভিযানে ৮৫০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নির্বাচন কমিশনের ধারণা, উদ্ধার করা অস্ত্রগুলোর একটি বড় অংশই নির্বাচনের সময় নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version