বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতের টেকসই উন্নয়নে বাজেটের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।
এ লক্ষ্যে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তা আরও বৃদ্ধি করা হবে। শিক্ষায় বরাদ্দের যেন কোনো ধরনের অপচয় না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
দেশের টেকসই উন্নয়নে মানবসম্পদ উন্নয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। সে লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করছে। দক্ষ কর্মীদের বিদেশে পাঠাতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিবিদ্যায় দক্ষ হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিইউপি’র ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দু’টি ১৪ তলা বিশিষ্ট আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দু’টি ১৪ তলা বিশিষ্ট আবাসিক ভবন উদ্বোধন করেন।
এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন তিনি।
বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল ড. মো. মাহবুব-উ-আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।



