মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ১০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-এর সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে সরকার সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে এবং সবার সম্মিলিত সহযোগিতায় দেশের উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব হবে।
দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু, ‘এতে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিস পত্রের দাম কমে আসবে।’
তিনি উল্লেখ করেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে ফেললে তা নিম্নআয়ের মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। তবে সরকারের এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষের কষ্ট কমাতে সহায়ক হবে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়া হবে।

