মাঠের ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী। বন্ধুত্বের বেলায় লিওনেল মেসি ও নেইমার জুনিয়র যেন সব সীমানা পেরিয়ে যান। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে নিজের দেশ হেরে যাওয়ার পরও মারাকানার মাঠে লিওনেল মেসিকে যেভাবে বুকে জড়িয়ে ধরেছিলেন নেইমার, তা আজও ভক্তদের মনে গেঁথে আছে। এবার আর্জেন্টিনার জার্সিতে বন্ধুর শেষ ম্যাচের আগে আরও একবার সেই গভীর স্নেহের প্রকাশ ঘটল ব্রাজিলিয়ান তারকার কলমে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলোর বেশ কিছু ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে, তারা এত বছর ধরে তোমাকে ঠিকমতো উপভোগ করেছে। আজ তোমার দেশ ও জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি প্রতিটি সেকেন্ড তুমি দারুণভাবে উপভোগ করবে এবং আজ যত ভালোবাসা ও সম্মান পাবে, তা তোমার হৃদয় ভরিয়ে দেবে।’

এরপরই বার্তাটির সবচেয়ে হৃদয়গ্রাহী অংশটি লিখে নেইমার যোগ করেন, ‘শুধু আর্জেন্টিনা তোমায় ধন্যবাদ জানাচ্ছে না; ফুটবলের জন্য যা কিছু তুমি করেছ, তার জন্য গোটা বিশ্ব আজ তোমার কাছে কৃতজ্ঞ। ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে মাঠে লড়তে পারাটা যেমন আমার জন্য সম্মানের ছিল, তেমনই তোমার পাশে ইতিহাস গড়াটা ছিল আরও বড় এক প্রাপ্তি। ধন্যবাদ, লিওনেল মেসি।’

বার্সেলোনার আঙিনায় ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ চার বছর একই জার্সিতে মাঠ মাতায়েছিলেন মেসি ও নেইমার। লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়া তাদের সেই ত্রয়ী আক্রমণভাগ বার্সেলোনাকে এনে দিয়েছিল একের পর এক ঐতিহাসিক সাফল্য, যার মুকুটে সবচেয়ে উজ্জ্বল রত্নটি ছিল ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ জয়।

এরপর ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজির (পিসিজি) জার্সিতেও ফের সতীর্থ হিসেবে দেখা মিলেছিল এই দুই জাদুকরের। যদিও জাতীয় দলের লড়াইয়ে বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন তারা, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনাল। সেদিন মারাকানায় ব্রাজিলকে হারিয়েই ক্যারিয়ারের প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছিলেন মেসি। আর ম্যাচ শেষে নিজের হারের সমস্ত কষ্ট ভুলে বন্ধুকে বুকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ সান্ত্বনা দিয়েছিলেন নেইমার।

Share.
Leave A Reply

Exit mobile version