নতুন বছরের প্রথম ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রস্তুতির গতি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট। লাল বলের ব্যস্ততা শেষে এবার একদিনের ক্রিকেটে ফেরার মহড়া দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা, যেখানে বড় ভূমিকা রাখছে চলমান বিসিএল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন।
ফাইনালের আগে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেন্ট্রাল জোনের ক্রিকেটার সাইফ হাসান জানান, পাকিস্তান সিরিজকে সামনে রেখে এই ম্যাচকে দারুণ প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন তারা। সাইফ বলেন, ‘যেহেতু আমরা ফাইনালে উঠেছি, আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। ওয়ানডে সিরিজের আগে এটা আমাদের জন্য খুব ভালো প্রস্তুতি। আশা করি কালকের ম্যাচে আরও ভালো ক্রিকেট খেলতে পারব।’
দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। সাইফের ভাষ্য, ‘গত এক-দেড় বছরে তেমন ওয়ানডে খেলা হয়নি। কিছু ম্যাচ খেলেছি, সেগুলোও টি-টোয়েন্টির মাঝখানে। এখন সামনে যেসব ওয়ানডে সিরিজ আছে, সেগুলোর জন্য প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
মিরপুরে ফাইনাল খেলাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই ব্যাটার। উইকেটের প্রসঙ্গে সাইফ বলেন, ‘বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে। মিরপুরে যেহেতু কাল দিবা-রাত্রির ম্যাচ, আশা করি এখানেও ভালো উইকেট পাওয়া যাবে। সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলনের সুযোগ থাকে, সেটা একজন ব্যাটসম্যান হিসেবে অবশ্যই অনেক কাজে দেয়। তাই ম্যাচটা যেখানেই হোক, নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’
উল্লেখ্য, চলতি বছর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজে প্রতিপক্ষ হবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তার আগে বিসিএলের এই ফাইনাল ম্যাচটাই হয়ে উঠছে টাইগার ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ।

