আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ ও রক্তনালির রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর এ দিনটি বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এবারের বিশ্ব হার্ট দিবসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে হৃদরোগের এমন কিছু লক্ষণ ও ঝুঁকির দিকে, যেগুলো অনেক সময় সহজেই নজর এড়িয়ে যায়।

২০২৬ সালের বিশ্ব হার্ট দিবসের প্রচারের মূল বার্তা—‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’। বিশ্ব হার্ট ফেডারেশনের উদ্যোগে পরিচালিত এ প্রচারে হৃদরোগের লক্ষণ দ্রুত শনাক্ত করা, হৃদযন্ত্রের যত্ন নেওয়া এবং রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্ব হার্ট ফেডারেশনের তথ্য বলছে, হৃদরোগের সব লক্ষণ সবসময় স্পষ্টভাবে প্রকাশ পায় না। কিছু ঝুঁকিও দীর্ঘদিন নীরবে শরীরে থেকে যেতে পারে। এর মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম, যা অনেক ক্ষেত্রে কোনো উপসর্গ ছাড়াই দীর্ঘদিন স্থায়ী হয়। ফলে অসুস্থতা অনুভব করার অপেক্ষায় না থেকে আগেভাগেই হৃদ্‌স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, ২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৯৮ লাখ মানুষ হৃদরোগ ও রক্তনালির রোগে মারা গেছেন। ওই বছর বিশ্বে মোট মৃত্যুর প্রায় ৩২ শতাংশই এসব রোগের কারণে হয়েছে। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়া ও স্ট্রোকের কারণে ঘটেছে প্রায় ৮৫ শতাংশ মৃত্যু।

Share.
Leave A Reply

Exit mobile version