মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ায় বুধবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের সুদের হার নতুন সিদ্ধান্তের দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন বিনিয়োগকারীরা। এতে করে মূল্যবান ধাতুর বাজারে আপাতত রয়েসয়ে এগোচ্ছেন তারা।

এদিন বাংলাদেশ সময় বেলা ১টা ৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এ ছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ৩ হাজার ৫১৯ ডলারে নেমেছে।

এএনজেড-এর বিশ্লেষক সোনি কুমারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘শেয়ারবাজারে ব্যাপক বিক্রয়চাপের কারণেই সাম্প্রতিক এই দরপতন ঘটেছে; কারণ মার্জিন কল মেটাতে বিনিয়োগকারীদের নগদ অর্থের প্রয়োজন ছিল। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানও স্বর্ণের বাজারের জন্য অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ দশমিক ৪১ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ২৬০ দশমিক ৩২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ৮৫০ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।

এদিকে বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version