বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাম্প্রতিক নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। নতুন সরকারের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশ ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নরের বিরুদ্ধে গুরুতর স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে। এর ফলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না। কাজেই আগামী পাঁচ বছরের জন্য এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব অর্পণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

তিনি আরও বলেন, “এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে বা কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকে, তবে বিষয়টি আরও উদ্বেগজনক। সে ক্ষেত্রে সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।”

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যদি লুটপাটের সঙ্গে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তবে তা রাষ্ট্রের জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর হবে না।”

এ কারণে গভর্নরের বর্তমান নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “সরকারের কিছু পদক্ষেপ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে, তবে কিছু সিদ্ধান্ত উদ্বেগও তৈরি করেছে।”

Share.
Leave A Reply

Exit mobile version