বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে বাড়িটির নিচতলার ভেতরের অংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে কয়েকজন ব্যক্তি ওই বাড়িতে এসে ভাড়াটিয়াদের বাইরে বের করে দেন। এরপর তারা ভবনটিতে ভাঙচুর চালিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেন। এ সময় হামলাকারীদের ‘জিয়াউল আহসানের মতো সন্ত্রাসীর বাড়ি বরিশালের মাটিতে থাকবে না’ বলে স্লোগান দিতে শোনা যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ১০ মিনিটে বৌদ্ধপাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা নেই বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

Share.
Leave A Reply

Exit mobile version