অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

রোববার (২৫ জানুয়ারি) এই টেলিফোন আলাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। তারা অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে টেকসই সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

চলতি মাসে এটি ছিল ইসহাক দার ও তৌহিদ হোসেনের মধ্যে তৃতীয় দফা টেলিফোন আলাপ। এর আগে সম্প্রতি একটি বহুপক্ষীয় ফোরামের সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version