ফরিদপুরে অভিযান চালিয়ে অব্যবস্থাপনা ও অনুমতিবিহীন (লাইসেন্সবিহীন) কার্যক্রম পরিচালনায় পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থানরত এসব প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন মাহামুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম।
অভিযানকালে আল-জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলিসিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই আল-জারা স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারে আয়েশা আফরিণ (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের অব্যবস্থাপনার বিভিন্ন বিষয় উঠে আসে।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন জেলা স্বাস্থ্যবিভাগ। এ সময় হাসপাতালটির নানা অব্যবস্থাপনার সত্যতা পাওয়া যায়। যার মধ্যে অস্ত্রোপচার কক্ষে (ওটি) অব্যবস্থাপনা, অস্ত্রোপচার রোগীদের সিটে মনিটর না থাকা, ৩০ সিটের হাসপাতালের বিধি অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকাসহ নানা অনিয়ম উঠে আসে। পরে হাসপাতালটির অস্ত্রোপচার ও হাসপাতালের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সিভিল সার্জন মাহামুদুল হাসান।
একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক আতিকুল আহসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
প্রসঙ্গত, আল-জারা স্পেশালাইজড হাসপাতালে আয়েশা আফরিনের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক আতিকুল আহসান। এ ছাড়াও একই এলাকার অন্য চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেগুলো লাইসেন্সবিহীন পরিচালনা করার অপরাধে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান শেষে সিভিল সার্জন মাহামুদুল হাসান সাংবাদিকদের বলেন, যেখানে নিয়মবহির্ভূতভাবে স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালিত হবে, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেগুলো বন্ধ করে দেব। প্রতিটি মানুষ যাতে মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেই লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়াও আল-জারা হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, যিনি অস্ত্রোপচার করেছেন, তিনি একজন অভিজ্ঞ সার্জন এবং সহকারী অধ্যাপক। এই হাসপাতালে এসে অস্ত্রোপচার করা তার ঠিক হয়নি। তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব এবং শোকজ করা হবে।



