পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

তারা আরও জানান, ‎পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি কাজে লাগিয়ে পানি থেকে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানোর পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।

Share.
Leave A Reply

Exit mobile version