দেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আজ (শনিবার) রাজধানীর হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের পর্যটন খাতকে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত দৌড়ে ১ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ইমার প্রোপার্টিজ’-এর সঙ্গে আলোচনা করছি, যারা সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা নির্মাণ করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় বাংলাদেশের পর্যটন সুবিধা উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘সরকার পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে চায়। বর্তমানে এই খাত জিডিপিতে প্রায় ২ থেকে ৩ শতাংশ অবদান রাখছে। ভবিষ্যতে এটিকে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

অনুষ্ঠানে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত ম্যারাথনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ‘এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে এবং আশা করি এটি বাংলাদেশের পর্যটনের অপ্রকাশিত সম্ভাবনাগুলো তুলে ধরতে সহায়তা করবে।’

পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই ম্যারাথনে সাড়ে ৭ কিলোমিটার প্রতিযোগিতামূলক দৌড় এবং ২ কিলোমিটারের ফান রান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে বিমান ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা অংশ নেন।

অনুষ্ঠানের শিরোনাম পৃষ্ঠপোষক রিদম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, স্বাস্থ্য সচেতনদের অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন ইতিবাচক সামাজিক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘মূলত দেশের পর্যটনকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর কক্সবাজারের মেরিন ড্রাইভে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, এটিজেএফবি’র সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন।

দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার, বিভিন্ন গন্তব্যের বিমান টিকিট এবং র‌্যাফেল ড্র’র পুরস্কার প্রদান করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version