নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এবং স্বাধীনতা দিবস উদ্যাপনের সময় কঠোর নিরাপত্তা বজায় রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
তিনি আরও বলেন, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন এবং পবিত্র ঈদ উল ফিতর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার।
তিনি বলেন, প্রথাগতভাবে স্বাধীনতা দিবসে বর্ণিল আলোকসজ্জা করা হলেও উদ্ভূত পরিস্থিতিতে এবার তা পরিহার করা হচ্ছে।
তিনি বলেন, জ্বালানি সংকট যাতে না হয় এবং আমরা যাতে সাশ্রয়ী হতে পারি, সেজন্য দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

