চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের পেসার নাহিদ রানা এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এতে তার মাঠে ফেরার প্রক্রিয়া আরও দীর্ঘ হচ্ছে। অন্যদিকে, টানা খেলার ধকল সামলাতে অন্তত এক থেকে দেড় মাসের বিশ্রামে যেতে হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে। দুই পেসারের এমন দুঃসংবাদে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাইড স্ট্রেইনের চোটের পর হিপ জয়েন্টের ব্যথায়ও ভুগতে হয়েছে নাহিদ রানাকে। চোট কাটিয়ে মাঠে ফেরার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় শুরু করেছিলেন পুরোদমে বোলিং অনুশীলন। মেডিক্যাল বিভাগের ছাড়পত্র পাওয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। তবে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় সেই পরিকল্পনায় ছেদ পড়েছে।
জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি নাহিদকে। তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিবেচনায় রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু জ্বর না কমায় ডেঙ্গু পরীক্ষা করানো হলে ফলাফল পজিটিভ আসে। বিসিবির মেডিক্যাল বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে।
ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অন্তত এক থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই পেসারকে। এ সময়ে বোলিং অনুশীলন বন্ধ রাখার পাশাপাশি তার পুনর্বাসন কার্যক্রমও ব্যাহত হবে। ফলে চোট থেকে সেরে উঠে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া আরও পিছিয়ে যাচ্ছে। ডেঙ্গু থেকে সেরে ওঠার আগপর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখবে বিসিবির মেডিক্যাল বিভাগ। এতে দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার।
নাহিদের পাশাপাশি দুঃসংবাদ এসেছে হাসান মাহমুদকে নিয়েও। টানা ম্যাচ খেলার ধকল সামলাতে এই ডানহাতি পেসারকে আপাতত দীর্ঘ বিরতিতে থাকতে হচ্ছে। অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তবে পরিস্থিতি বিবেচনায় এই বিরতির সময় দেড় মাস পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছে মেডিক্যাল বিভাগ।
আগে থেকেই কনুইয়ের চোটে ভুগছিলেন হাসান। এর সঙ্গে যুক্ত হয়েছে টানা খেলার চাপ। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য সামনে বড় কোনো আন্তর্জাতিক সূচি না থাকায় আপাতত কিছুটা স্বস্তিতে থাকতে পারে টিম ম্যানেজমেন্ট। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আগে গুরুত্বপূর্ণ কোনো খেলা নেই বাংলাদেশের। জানুয়ারিতে ভারতীয় দলের বাংলাদেশ সফরও প্রায় নিশ্চিতভাবেই হচ্ছে না। ওই সময়ের জন্য বিকল্প কোনো সূচিও এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি।



