দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলের দেজিয়ন শহরের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
শনিবার কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।
কর্মকর্তাদের মতে, নিহতদের পাশাপাশি ২৫ জন গুরুতর আহত এবং ৩৪ জনের অবস্থা তুলনামূলকভাবে কম গুরুতর। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারীরা পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ১৭০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। আগুন লাগার পর ভবনটি ধসে পড়ার ঝুঁকি থাকায় শুরুতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। এছাড়া কারখানায় মজুদ থাকা সোডিয়ামের কারণে উদ্ধারকাজ আরও জটিল হয়ে পড়ে, কারণ এটি ভুলভাবে নাড়াচাড়া করলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।
প্রত্যক্ষদর্শীরা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তবে এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
শনিবার বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাষ্ট্রপতি লি জে মিয়ং উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামসহ সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
তিনি দেশের শ্রমিকদের জন্য আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
সূত্র: আরব নিউজ

