দিনাজপুর টেক্সটাইল মিল পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
রোববার (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
শরীফুল আলম বলেন, এটা আমাদের নির্বাচনি ইশতেহারে ছিল। সে লক্ষ্যে মিল পরিদর্শনে এসেছি। মিলটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, দিনাজপুরের মানুষের জন্য এক সময় গর্বের প্রতীক ছিল এই টেক্সটাইল মিল। দীর্ঘদিন ধরে এটি বন্ধ আছে। দ্রুত সময়ের মধ্যে মিল কর্মচাঞ্চল্য ফিরে পাবে। এতে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার অঙ্গীকার করেছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে যেসব প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জুট মিল ও টেক্সটাইল মিলে অনেক জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। এগুলো প্রাইভেট সেক্টরে হোক বা দেশি-বিদেশি ইনভেষ্টর এনে পুনরায় চালু করার চিন্তাভাবনা করেছি।

