দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ উড়ানের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। এতে একজন সেনাসদস্য ও একজন প্রশিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টার কিছু পরে দেশটির গ্যাপিয়ং জেলায় বিধ্বস্ত হয় এএইচ-১এস কোবরা মডেলের একটি অ্যাটাক হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ সংক্রান্ত উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে দুইজন চালক ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান বলে জানানো হয়েছে প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়েছে, ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ কোরিয়ার বহরে থাকা সব এএইচ-১এস কোবরা হেলিকপ্টারের অপারেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।
সূত্র: রয়টার্স

