ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট লোকমান হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহিদ। তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ আল আসাদ (কর কমিশনার), কে এম এনায়েতুল করিম হেলাল এবং মোহাম্মদ আমিরুল করিম মুন্সী (অতিরিক্ত কর কমিশনার)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজ আহমেদ (অতিরিক্ত কমিশনার, কাস্টমস), সারওয়ার হোসেন এবং আমিন উদ্দিন আহমেদ (নাঈম)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান, সাইদুল হোসাইন, এ কে এম সুলতান মাহমুদ (যুগ্ম কমিশনার, কাস্টমস), মো. মাহমুদ হোসেন, আনোয়ার হোসেন, আহমদ হাসান, মো. আবিদ হাসান, রহিম খাতুন, পিযুষ রঞ্জন ভৌমিক, মো. সাইফুর রহমান, অজয় বিশ্বাস, সাইফুর রহমান জুয়েল এবং ওয়ালিদুর রহমান।

সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইতোমধ্যে অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত নেটওয়ার্কিং এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটি নিয়মিতভাবে আয়কর, ভ্যাট, ব্যাংকিং, আইন ও ব্যবসাবিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, মতবিনিময় সভা, বার্ষিক পিকনিক, ইফতার মাহফিল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

নবনির্বাচিত সভাপতি মুসতবা ইশতিয়াক আহমেদ তার বক্তব্যে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের সবার একটি মিলনমঞ্চ। এই সংগঠনের মাধ্যমে সদস্যদের মধ্যে পেশাগত সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে। নবনির্বাচিত কার্যকরী কমিটি সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি অংশগ্রহণমূলক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে কাজ করবে। আয়কর, ভ্যাট, আইন, ব্যাংকিং ও করপোরেট খাতের পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারণ করা হবে।’

তিনি সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফলতা অর্জনের লক্ষ্যে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা, পরামর্শ এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসাইনও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ, পেশাগত উন্নয়ন এবং কল্যাণমুখী কার্যক্রম পরিচালনায় নতুন কমিটি কাজ করবে।

তিনি সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেন।

Share.
Leave A Reply

Exit mobile version