‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—এই বাংলায়’—এই অমর পঙ্ক্তির স্রষ্টা জীবনানন্দ দাশ-এর আজ ১২৭তম জন্মবার্ষিকী। বাংলার প্রকৃতি, নিঃসঙ্গতা আর সময়চেতনার অনন্য রূপ তিনি কবিতায় এমনভাবে ধারণ করেছেন, যা তাকে দিয়েছে “রূপসী বাংলার কবি”র স্বীকৃতি।
বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের এই দিন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার মা কবি কুসুম কুমারী দাশ ও বাবার নাম সত্যানন্দ দাশ। তিনি ১৯৫৪ সালের ২২ অক্টোবর ৫৫ বছর বয়সে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মারা যান।
জীবনানন্দ দাশের পড়াশোনা ম্যাট্রিক ও আইএ বরিশালে। অনার্সসহ বিএ ও এমএ কলকাতায়। ১৯২২ সালে কলকাতা সিটি কলেজে অধ্যাপনা দিয়ে চাকরি জীবন শুরু। বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজে শিক্ষকতা করেন। দিল্লির রামযশ কলেজেও শিক্ষকতা করেন। ১৯৩০ সালে আবার দেশে ফেরেন। ১৯৩৫ সালে বরিশালের বিএম কলেজে যোগদান করেন। কিন্তু ১৯৪৭ সালে দেশবিভাগের কিছু আগে তিনি সপরিবারে কলকাতা চলে যান।
তার প্রথম কবিতা ‘বর্ষ’ ১৯১৯ সালে ‘ব্রাহ্মবাদী’ পত্রিকায় প্রকাশিত হয়। তার অমর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলার কবিতা ইত্যাদি।

