ঈদুল ফিতর মানেই দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উন্মাদনা। তবে এবার যেন সেই উচ্ছ্বাসে যুক্ত হয়েছে অন্যরকম এক পরিবর্তন। কেবল জনপ্রিয় নায়ক-নায়িকার উপস্থিতি নয়, দর্শকরা এবার সিনেমা বেছে নিচ্ছেন গল্প, নির্মাণ আর অভিনয়ের মান বিবেচনায়। আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ঈদে মুক্তি পাওয়া কয়েকটি ভিন্নধর্মী সিনেমা।
এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তানিম নূর পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিনেমার পাশাপাশি ঈদের অন্য সিনেমা নিয়েও খোলামেলা কথা বলেন বাঁধন। তিনি জানান, নিজের সিনেমা দেখার আগেই তিনি দেখতে গিয়েছিলেন ‘প্রেসার কুকার’।
বাঁধনের ভাষায়, “আমি আমার সিনেমা দেখার আগে ‘প্রেসার কুকার’ দেখেছি। কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। ‘প্রেসার কুকার’-এর সামনের দিকের একটা সিট খালি ছিল। আমি আর আমার মেয়ে গিয়ে সিনেমাটি দেখেছি। আমার ভীষণ ভালো লেগেছে।”
তিনি আরও বলেন, “আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি, আমি রায়হান রাফির কাছে কৃতজ্ঞ যে সে এই ধরনের একটা প্লটে কাজ করেছে। প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। বিশেষ করে তুশিতো অসাধারণ করেছে।”
বাঁধনের মতে, সিনেমাটিতে রিজভীর চরিত্রটিও ছিল দারুণ। তিনি বলেন, “রিজভী যে চরিত্রটা করেছে সেটাও অসাধারণ হয়েছে। সবাই খুব ভালো কাজ করেছে। আজিজুল হাকিম ভাই, বাবু ভাইসহ সিনিয়র যারা ছিলেন, তারা সবাই খুব ভালো করেছেন।”
শুধু ‘প্রেসার কুকার’ নয়, ঈদের আরেক সিনেমা ‘দম’-ও দেখেছেন বাঁধন। সেটিও তার ভালো লেগেছে। তবে পছন্দের তালিকায় ‘প্রেসার কুকার’-কেই এগিয়ে রেখেছেন তিনি।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, “দমও আমার কাছে ভালো লেগেছে। কিন্তু অবশ্যই আমি ‘প্রেসার কুকার’-কে এগিয়ে রাখব। কারণ আমি চাই বাংলাদেশে এই ধরনের গল্পে কাজ হোক।”
শেষে দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে বাঁধন বলেন, “এই ধরনের কাজ আপনারা যত বেশি দেখবেন, যত বেশি মানুষকে দেখার উৎসাহ দেবেন, তত বেশি পরিচালকরা এমন গল্প নিয়ে কাজ করার সাহস পাবেন। তাই হলে আসুন, সব সিনেমা দেখুন। ‘বনলতা এক্সপ্রেস’ দেখুন, ‘দম’ দেখুন, ‘প্রেসার কুকার’ দেখুন। বাকি যে দুটো আছে, ‘প্রিন্স’ আর ‘রাক্ষস’—সেগুলোও দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।”

