চমকপ্রদ সিদ্ধান্তে শোবিজ অঙ্গনকে বিদায় জানালেন উদীয়মান অভিনেত্রী নওবা তাহিয়া। অভিনয়ের ব্যস্ত জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের বিস্মিত করেছেন তিনি। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান নওবা।
পোস্টে নওবা তাহিয়া লেখেন, “মিডিয়ায় চার বছরের চমৎকার সফর শেষে আমি থামার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি অবিশ্বাস্য জার্নি ছিল, যার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। বর্তমানে আমি আমার দ্বীন (ধর্ম), শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির মাঝেই শান্তি খুঁজে পেয়েছি। আমার জীবনের এই অধ্যায়টি এখন আমার কাছে সবচেয়ে সঠিক মনে হচ্ছে।”
তিনি আরও স্পষ্ট করে জানান, ভবিষ্যতে তাকে আর কোনো নাটক, বিজ্ঞাপন (টিভিসি) কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কাজে দেখা যাবে না। তবে আগে থেকে সম্পন্ন করা কিছু কাজ মুক্তি পেতে পারে, যদিও সেগুলোর সঙ্গে তিনি নতুন করে আর যুক্ত নন।
চরকির ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন নওবা তাহিয়া। এরপর ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপুরাণ’ ও ‘শুধু তুমি’র মতো আলোচিত নাটকে অভিনয় করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর ‘কন্ট্রোল প্লাস জেড’ পর্বেও তার অভিনয় প্রশংসিত হয়।
এর আগেও পড়াশোনার কারণে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন নওবা। তবে এবার সেটি সাময়িক নয়, বরং স্থায়ী সিদ্ধান্ত। ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এখন থেকে তার পুরো মনোযোগ থাকবে ব্যক্তিগত জীবন, ধর্মীয় অনুশীলন ও শিক্ষার পথে এগিয়ে যাওয়ার দিকে।
শোবিজে স্বল্প সময়ের উপস্থিতিতেই নিজের আলাদা পরিচয় তৈরি করা এই অভিনেত্রীর বিদায় বার্তায় আবেগী হয়ে পড়েছেন তার ভক্তরাও। অনেকেই সামাজিক মাধ্যমে তাকে শুভকামনা জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া কামনা করেছেন।

