অনলাইন নিউজ পোর্টালের গ্রহণযোগ্যতা ও পাঠকের আস্থা ধরে রাখতে সংবাদ প্রকাশের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সংবাদমাধ্যমের মান বজায় না থাকলে পাঠক ও দর্শকের আগ্রহ তৈরি হবে না। ফলে অনলাইন পোর্টালের পাঠকসংখ্যাও বাড়বে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অনলাইন সংবাদমাধ্যমের মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংবাদে গুণগত মান না থাকলে মানুষ আগ্রহ নিয়ে কোনো নিউজ পোর্টালে আসবে না। তাই মানসম্মত সংবাদ প্রকাশের জন্য পোর্টালগুলোর সঙ্গে দক্ষ ও যোগ্য সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।
অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, নবায়ন ফি একটি নামমাত্র ফি। এটি আগেও চালু ছিল। পাঁচ হাজার টাকা খুব বড় কোনো অঙ্ক নয়।
অনলাইন গণমাধ্যমের মালিকদের বিভিন্ন প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, লিখিত প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।
নীতিমালা প্রণয়নের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।



