দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মো. তোহিদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রজ্ঞাপন বলা হয়, তোহিদুল ইসলাম ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিনের ছুটির আবেদন করলেও তার অবস্থান নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মোবাইল ফোনে যোগাযোগের ব্যর্থ প্রচেষ্টার পর তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় একাধিক নোটিশ পাঠানো হয়। তিনি কোনোটিরই জবাব দেননি। তার বড় ভাই জানান, ৫ আগস্টের পর থেকে পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই।
৬০ দিনের বেশি বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ‘পলায়ন’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এরপর দ্বিতীয়বার নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
পরে, তদন্ত প্রতিবেদন ও নথিপত্র পর্যালোচনার পর তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় সরকার।


