ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন চেলসির তরুণ তারকা কোল পালমার। উলভারহ্যাম্পটনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা আগে কোনো ফুটবলার পারেননি।

অপটা’র তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় এখন কোল পালমার। শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩–১ গোলের জয়ে এই অনন্য রেকর্ড গড়েন তিনি। ম্যাচে চেলসির ‘নাম্বার টেন’ ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেন।

পালমারের প্রথম দুটি গোল আসে পেনাল্টি থেকে। তৃতীয় গোলটি করেন মার্ক কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার।

এর আগেও এভারটন ও ব্রাইটনের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছিলেন পালমার। গোলের সামনে দারুণ ছন্দে থাকা এই তরুণ আবারও একই কীর্তি করে দেখালেন।

যেখানে অনেক ফুটবলারকে একটি হ্যাটট্রিক করতেই পুরো ক্যারিয়ার পার করতে হয়, সেখানে পালমার হাফটাইমের আগেই তিনবার হ্যাটট্রিক করার নজির গড়েছেন।

উলভারহ্যাম্পটনের বিপক্ষে করা এই তিন গোল চেলসির ইতিহাসেও তাকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছে। প্রিমিয়ার লিগে ক্লাবটির হয়ে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড এখন তার দখলে—চারটি। এতদিন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক তিনটি করে হ্যাটট্রিক নিয়ে শীর্ষে ছিলেন। তাদের ছাড়িয়ে এখন এককভাবে শীর্ষে কোল পালমার।

Share.
Leave A Reply

Exit mobile version