পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী।

বুধবার প্রকাশিত হজ–সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মৃতদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। হেল্প ডেস্কের তথ্যানুযায়ী, সর্বশেষ গত ৮ এপ্রিল যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) ও দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা যান। তারা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে গিয়েছিলেন।

এ ছাড়া গত ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী হজযাত্রী মক্কায় মৃত্যুবরণ করেন। এর আগে ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুরের সদর উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস এবং একই দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাহফুজা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এদিকে ২৮ এপ্রিল মদিনায় মারা যান রংপুর কোতোয়ালী থানার শামসুল আলম। ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) এবং একই দিনে শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মক্কায় মারা যান।

এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হক মক্কায় মৃত্যুবরণ করেন। এছাড়া ২২ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলার আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার নইম উদ্দীন মন্ডলের মৃত্যু হয়।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং দেশে ফেরার শেষ ফ্লাইট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।

Share.
Leave A Reply

Exit mobile version