মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের হামলায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পাঁচটি রি-ফুয়েলিং যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচটি উড়োজাহাজই সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসের এবং এগুলো সবই আকাশে জ্বালানি সরবরাহকারী রি-ফুয়েলিং বিমান।
তাদের দাবি, গত কয়েক দিনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এসব বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। মেরামত করা হলে সেগুলো আবারও ব্যবহার করা সম্ভব হবে। এছাড়া এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে চালক ও সহ-চালকসহ মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন এবং বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, আকাশে উড্ডয়নরত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের জন্য রি-ফুয়েলিং বিমান ব্যবহার করা হয়। গত শতকের পঞ্চাশের দশক থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী নিয়মিত এই ধরনের উড়োজাহাজ ব্যবহার করে আসছে। আকাশযুদ্ধে দীর্ঘ সময় টিকে থাকতে এবং দূরপাল্লার অভিযানে এসব রি-ফুয়েলিং বিমান মার্কিন সামরিক সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট

