সময় সমাচার ডেস্ক :

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ একের পর এক ভেঙে পড়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। শনিবার (০২ মে) সকালে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের একটি বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ায় বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত তলিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর থেকে টানা বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পায়। এতে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টসংলগ্ন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত বাঁধ ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে দ্রুত গতিতে পানি হাওরে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তেই ফসল ডুবে যায়।

সকালে যারা হাওরে ধান কাটতে গিয়েছিলেন, তারা হঠাৎ এ পরিস্থিতির মুখোমুখি হয়ে হতাশ হয়ে পড়েন। অনেক কৃষক কান্নায় ভেঙে পড়েন। তাদের সামনে তখন এক কঠিন প্রশ্ন ডুবন্ত ধান কাটবেন, নাকি বাঁধ রক্ষায় চেষ্টা করবেন।

ঘটনাস্থলে স্থানীয় কৃষক ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত হলেও পানির তীব্র স্রোতের কারণে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি। কৃষকদের অভিযোগ, বাঁধ নির্মাণে অবহেলা ও নিম্নমানের কাজের কারণেই এমন বিপর্যয় ঘটেছে। বিশেষ করে কালভার্টের মুখে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা, যেমন আড়-প্যালাসেটিং না থাকায় বাঁধটি দুর্বল হয়ে পড়ে।

মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্যমতে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বোয়ালা হাওরের বাঁধের ওপর দিয়ে প্রথমে পানি প্রবেশ করে। পরে পানির গতিবেগ তীব্র হওয়ায় বাঁধটি ভেঙে যায়। তবে এই হাওরে ৫৭৪ হেক্টর বোরো ধান ছিল তার মধ্যে ৪৬০ হেক্টর ধান কৃষকরা ঘরে তুলতে পেরেছে। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৮৪ হেক্টর বোরো ধান। তবে কৃষকদের দাবি বাঁধ ভেঙে ২০০ হেক্টর ধান তলিয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন, হাওরের অধিকাংশ ধান কাটা শেষ হওয়ার পর বাঁধটি ভেঙেছে। তাই তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষার উদ্যোগ নেওয়া হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version