রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়িটির সামনে আসে। পরে তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। একপর্যায়ে বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন দেওয়ার পর ওই ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় স্থানীয় লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শাহরিয়ার আলমের চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তারা বাড়ির গেটে আগুন ধরিয়ে দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।

Share.
Leave A Reply

Exit mobile version