মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক চাপের মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২২ মার্চ) চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে পরিবহন ভাড়া বৃদ্ধি না করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে ঈদযাত্রার সময় কোথাও জ্বালানির সংকট দেখা দেয়নি, পরিবহন চলাচলও স্বাভাবিক ছিল এবং ভাড়াও বাড়েনি। এই পরিস্থিতি বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়া, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ড চালু, কৃষকদের হাজার কোটি টাকার ঋণ মওকুফ এবং ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য ভাতা প্রদান উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে তুলে ধরেন মন্ত্রী।



