হঠাৎ অসুস্থতার খবরে ভক্তদের দুশ্চিন্তা বাড়ালেও এখন স্বস্তির খবরই মিলছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে শঙ্কামুক্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসা শেষে তিনি এখন নিজ বাসায় বিশ্রামে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে।
সুস্থতার খবর জানাতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তানিয়া বৃষ্টি। সেখানে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর সত্যি বলতে এখন বেশ ভালো লাগছে, আল্লাহর রহমতে তেমন ব্যথাও নেই।’
অসুস্থতার কারণে কিছুদিন শুটিং থেকে দূরে থাকতে হয়েছে এই অভিনেত্রীকে। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি। অনেকদিন কাজ থেকে দূরে ছিলাম, শুটিং বন্ধ ছিল। ঈদের সময় কাজও কম হয়ে গেছে। ইনশাআল্লাহ, দোয়া করবেন যেন আবার নিয়মিত কাজে ফিরতে পারি।’
হাসপাতালের দিনগুলোর অভিজ্ঞতা জানিয়ে তানিয়া বৃষ্টি আরও বলেন, ‘সবকিছু যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায়—এইটাই চাই। সার্জারির পর দুই থেকে তিন দিন হাসপাতালে থাকতে হয়েছে। এখন বাসায় আছি এবং বিশ্রাম নিচ্ছি।’
তানিয়া বৃষ্টির আকস্মিক অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে ও ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে তার দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং আবার কাজে ফেরার প্রত্যয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সহকর্মী ও অনুরাগীরা।

