বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহে নেওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুর খবরটি পরিবারের পক্ষ থেকে তার ভাই মাসুদও নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন।
শোকবার্তায় আরও বলা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

