সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান এবার ব্যক্তিগত এক দুর্ভোগের কথা জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তার ব্যবহৃত আইফোন চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে নীল হুরেরজাহান জানান, বুধবার দুপুরে শিল্পকলা একাডেমি থেকে তার কমলা রঙের ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ মডেলের ফোনটি নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। পোস্টের সঙ্গে সাদা শার্ট পরা সন্দেহভাজন ব্যক্তির ছবিও যুক্ত করেন তিনি।
পোস্টে নীল লিখেছেন, ‘আজ দুপুরে, ছবিতে থাকা এই লোকটি (সাদা শার্ট) শিল্পকলা একাডেমি থেকে আমার আইফোন ১৭ প্রো ম্যাক্স (অরেঞ্জ) নিয়ে পালিয়েছে।’
চোরকে শনাক্ত করতে ফোনের সর্বশেষ লোকেশন সম্পর্কেও তথ্য দিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ফোনটির শেষ অবস্থান শনাক্ত হয়েছে রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায়।
তিনি আরও লিখেছেন, ‘শেষবার লোকেশন দেখিয়েছে কোনাপাড়া, ডেমরা এলাকায়। কেউ যদি এই লোককে দেখেন ফোনসহ বা ছাড়া, দয়া করে জানানোর অনুরোধ রইলো।’
নীল হুরেরজাহানের এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই পোস্টটি শেয়ার করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


