ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠান থেকে অর্জিত মেধা ও উচ্চশিক্ষা কাজে লাগিয়ে নিজেদের সক্রিয়ভাবে বিকশিত করতে পারে এবং দেশসেবায় ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এই অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ শনিবার সকালে রাজশাহীর বরেন্দ্র কলেজ চত্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরেন্দ্র অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ, যার সভ্যতা প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার বছরের পুরোনো। এই অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও শিক্ষা প্রাচীনকাল থেকেই মানুষকে আলোকিত করেছে।

তিনি রাজশাহী অঞ্চলের মহান ত্যাগের ইতিহাস স্মরণ করে বলেন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের শহীদ ড. জোহা এবং ১৯৭১-এর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের রক্তে এই মাটি সমৃদ্ধ। তিনি কলেজের শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যেন তারা শিক্ষার্থীদের এই সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত শিক্ষা প্রদান করেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, জীবনের লক্ষ্য প্রথমেই নির্ধারণ করতে হবে। কেবল রাজনীতি নয় বরং ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী বা আইনজীবী হয়ে সমাজ ও মানবতার সেবা করতে হবে।

রাজশাহীর বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন মন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version