নতুন অর্থবছরের শুরুতেই আয়কর রিটার্ন দ্রুত জমা দিতে করদাতাদের জন্য ৫ শতাংশ পর্যন্ত করছাড়ের প্রণোদনা ঘোষণা করেছে সরকার। কিন্তু সেই সুবিধা নিতে গিয়ে বিপাকে পড়েছেন করদাতারা।

জুলাইয়ের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা এখনো চালু করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল সোমবার দুপুরে ই-রিটার্ন ওয়েবসাইটে দেখা যায়, এখনো শুধু ২০২৪-২৫ ও ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার অপশন রয়েছে। নতুন ২০২৬-২৭ করবর্ষের জন্য কোনো উইন্ডো চালু হয়নি।

এনবিআর কর্মকর্তারা বলছেন, এবারের বাজেটে আয়কর কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

এসব পরিবর্তন সফটওয়্যারে সংযুক্ত করে পরীক্ষা-নিরীক্ষা শেষে করদাতাদের জন্য সিস্টেম উন্মুক্ত করা হবে। এনবিআর সদস্য মো. রফিকুল ইসলাম জানান, বাজেট পাস হওয়ার আগেই এ কাজ শুরু হয়েছে, তবে পুরো প্রক্রিয়া শেষ হতে আরো কিছুদিন সময় লাগতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাজেটের নতুন বিধানগুলো সার্ভারে সংযোজনের পর সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অসম্কূর্ণ অবস্থায় সিস্টেম চালু করলে করদাতারা জটিলতায় পড়তে পারেন।

তাই দ্রুত হলেও নির্ভুলভাবে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন করহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। করদাতাদের সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে এবং আগেভাগে রিটার্ন জমা দিলে করছাড়ের সুবিধাও যুক্ত হয়েছে।

এ ছাড়া সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎস কাটা কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না; এটি অগ্রিম আয়কর হিসেবে সমন্বয় হবে।
পাশাপাশি মোটরযানের করহার বৃদ্ধি, বিলাসবহুল গাড়ির অগ্রিম কর দ্বিগুণ, বৈদ্যুতিক গাড়িতে করছাড়, স্বর্ণকে মূলধন হিসেবে বিবেচনাসহ আয়কর ব্যবস্থায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্কাদক আশরাফ হোসেন খান বলেন, নতুন বিধান বাস্তবায়নে সময় লাগতেই পারে। তবে অনলাইন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত করদাতাদের যেন কাগুজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষে অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় ৪৬ লাখ ৫০ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

সূত্র: কালের কন্ঠ

Share.
Leave A Reply

Exit mobile version