রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশ মিলিয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। একই সময়ে পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

সোমবার দুই দেশের স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনে পৃথক হামলায় অন্তত ১১ জন করে মোট ২২ জন প্রাণ হারিয়েছেন। হামলার ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। অঞ্চলটির গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, গেলেনঝিকের কাছের পর্যটনকেন্দ্র আরখিপো-ওসিপোভকায় সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

এদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় পৃথক হামলায় আরও চারজনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী এবং তাঁর আট বছর বয়সী সন্তান রয়েছে। হামলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

রাতভর চালানো আরেক দফা হামলায় জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version