অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব ২৯ আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদ সংস্থা তাস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করা হচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—অর্থাৎ ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনাও নেই।
উল্লেখ্য, দুর্ঘটনাটি ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় ঘটেছে। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে।

