লিভারপুল অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে মোহাম্মদ সালাহ। দীর্ঘ নয় বছরের সাফল্য, ট্রফি আর অসংখ্য স্মরণীয় মুহূর্তের পর মৌসুম শেষে অলরেডদের জার্সি খুলে রাখার ঘোষণা দিয়েছেন মিশরের এই মহাতারকা। এরপরই শুরু হয়েছে নতুন গন্তব্য নিয়ে জোর আলোচনা—সালাহ কি ইউরোপেই থাকবেন, নাকি পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবে?
এমন পরিস্থিতিতে সালাহকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) না যাওয়ার পরামর্শ দিয়েছেন মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান। তার বিশ্বাস, ৩৩ বছর বয়সেও সালাহর ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য অটুট রয়েছে।
ইব্রাহিম হাসান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই, সালাহ ইউরোপেই থাকুক। পিএসজি, বায়ার্ন মিউনিখ কিংবা ইতালির কোনো বড় ক্লাবের সঙ্গে তার নাম জড়ানোর কথা শুনছি। যুক্তরাষ্ট্রে গেলে তাকে ধীরে ধীরে মানুষ ভুলে যাবে। এমনকি লিওনেল মেসি সেখানে যাওয়ার পর আমি তার খেলাও আর তেমন দেখি না।’
ইউরোপে শেষ পর্যন্ত সালাহর থাকা না হলে, ইব্রাহিম হাসানের মতে তার জন্য সবচেয়ে উপযুক্ত গন্তব্য হতে পারে সৌদি প্রো লিগ। ক্রিস্টিয়ানো রোনালদোসহ বিশ্বের বেশ কয়েকজন বড় তারকার উপস্থিতিতে সৌদি লিগ এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই সেই পরিবেশে সালাহ নিজের সেরাটা ধরে রাখতে পারবেন বলেই মনে করেন তিনি।
অন্যদিকে, সালাহকে দলে ভেড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন ক্লাব সান ডিয়েগো এফসি। ক্লাবটির মিশরীয় বংশোদ্ভূত মালিক মোহাম্মদ মনসুর সালাহকে তার দলের জন্য ‘বিশাল সম্পদ’ হিসেবে উল্লেখ করেছেন।
যদিও তিনি সরাসরি সালাহকে প্রস্তাব দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তবে মনসুর বলেন, ‘একজন মিশরীয় হিসেবে আমি সালাহকে নিয়ে গর্বিত। সে যে ক্লাবেই খেলুক না কেন, সেই ক্লাব এবং সেই লিগ—দুটোরই মান অনেক বাড়িয়ে দেবে।’
এদিকে চোটের কারণে বর্তমানে মিশর জাতীয় দলের ক্যাম্পের বাইরে রয়েছেন সালাহ। তাকে ছাড়াই মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা।
আসন্ন বিশ্বকাপে ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। সালাহকে ঘিরে মাঠের বাইরের আলোচনা যতই বাড়ুক, মিশরের সমর্থকদের আশা—বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে আবারও নেতৃত্ব দেবেন দলকে।

