রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দের হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের মালিক ও চালকদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে সেগুলো খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় নির্ধারিত সময়ের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীতে চলাচলকারী বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট লাগিয়ে ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের যথেচ্ছ ব্যবহারে শব্দদূষণ বাড়ার পাশাপাশি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায়ও বিঘ্ন ঘটছে।

ডিএমপি জানায়, এসব যানবাহনের বিকট ও অতিরিক্ত শব্দ শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। এ অবস্থায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অননুমোদিত এসব সরঞ্জামের ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে যানবাহনের মালিক ও চালকদের আগামী ১ ডিসেম্বরের আগেই নিজ উদ্যোগে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দের হর্ন ও বিকন লাইট খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম লাগানো অবস্থায় পাওয়া গেলে কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version